হেঁটে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে: তাহুরা সুলতানার পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:১২ এএম

হেঁটে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে: তাহুরা সুলতানার পদযাত্রা

 

সুস্থ থাকতে, দেশের সৌন্দর্য উপভোগ করতে, এবং অন্যদেরও হাঁটতে উদ্বুদ্ধ করতে, পায়ে হেঁটে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছানোর যাত্রা শুরু করেছেন ২৫ বছর বয়সী তরুণী তাহুরা সুলতানা। ২৯ নভেম্বর শুক্রবার, সকাল ৬ টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জিরো পয়েন্ট থেকে এই অভিযান শুরু করেন তিনি। ইতোমধ্যে, ২ ডিসেম্বর দুপুরের দিকে ১৬৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাতকানিয়া উপজেলার পৌঁছাতে সক্ষম হয়েছেন।

 

তাহুরা সুলতানা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের বাসিন্দা। তিনি এক প্রবীণ শিক্ষক রশিদ আহমেদ ও গৃহিণী তৈয়বা খাতুনের মেয়ে। তাহুরা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে স্নাতকোত্তর শেষ করেছেন। তিনি জানান, শৈশব থেকে ঘুরে বেড়ানোর প্রতি আগ্রহ ছিল এবং চ্যালেঞ্জ গ্রহণে তিনি সব সময়ই আগ্রহী। এই যাত্রার উদ্দেশ্য শুধু নিজের জন্য নয়, বরং দেশের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি মানুষের মধ্যে হাঁটায় উদ্বুদ্ধকরণও।

 

তাহুরার এই পথচলার খরচ তিনি নিজেই বহন করছেন। অনলাইনে পণ্য বিক্রির মাধ্যমে তিনি এ যাত্রার জন্য অর্থ সঞ্চয় করেছেন। তিনি বলেন, ‘‘হাঁটলে সুস্বাস্থ্যে থাকে, তাই এই পদযাত্রার মাধ্যমে মানুষের মধ্যে হাঁটার আগ্রহ সৃষ্টি করতে চাই।’’ তাহুরা আশা করছেন, তার এই যাত্রা ২০ থেকে ২৫ দিনের মধ্যে শেষ হবে।

 

তাহুরা একা হাঁটা শুরু করলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পথে পথে তাকে সঙ্গ দিচ্ছেন অনেক পরিচিত-অপরিচিত মানুষ। তাহুরার পদযাত্রায় তাকে উৎসাহ দিতে এলাকার মানুষও আগ্রহী হয়ে উঠেছে। তার এই সাহসী পদক্ষেপকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী বলেন, ‘‘একজন নারী হিসেবে তাহুরা সুলতানার এই পদক্ষেপকে উপজেলা প্রশাসন সাধুবাদ জানায়। তার এই উদ্যোগ মানুষকে সুস্বাস্থ্যের জন্য হাঁটতে উদ্বুদ্ধ করবে।’’

 

তাহুরা সুলতানার এই যাত্রা শুধু তার নিজস্ব স্বাস্থ্যের প্রতি সচেতনতার লক্ষ্যে নয়, বরং দেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং হাঁটার উপকারিতা তুলে ধরার একটি বড় প্রচেষ্টা হিসেবে দেখা যাচ্ছে।