গবেষণার প্রাথমিক ধাপ হলো একটি সুসংগঠিত পরিকল্পনা প্রস্তুত করা, যা প্রস্তাবনা আকারে সুস্পষ্টভাবে উপস্থাপন করা হয়। এটি গবেষণার একটি মৌলিক দিক, যা গবেষণার লক্ষ্য, পদ্ধতি এবং প্রাপ্ত ফলাফলের সম্ভাব্য বিশ্লেষণ নির্ধারণে সহায়তা করে।
১ ডিসেম্বর ২০২৪, রবিবার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ই-লার্নিং সেন্টারে স্কুল অব বিজনেস আয়োজিত "সেমিনার অন এমফিল থিসিস" শীর্ষক অনুষ্ঠানে গবেষণা পরিকল্পনার গুরুত্ব ও প্রস্তাবনার কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. মঈনুল ইসলাম।
এসময় বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জন্নাত আরা নাজনীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস, এবং ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম উপস্থিত ছিলেন।
সেমিনারে গবেষক প্রণব কুমার তার গবেষণার নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, গবেষণার প্রাথমিক পরিকল্পনা হলো একটি খসড়া কাঠামো, যা গবেষণার লক্ষ্যে নির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করে। এ কাঠামোর মাধ্যমেই গবেষণার কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা সম্ভব।
অনুষ্ঠানে আলোচকরা গবেষণার প্রস্তাবনা তৈরির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। তাঁরা উল্লেখ করেন, প্রস্তাবনায় গবেষণার উদ্দেশ্য, পদ্ধতি এবং সম্ভাব্য ফলাফল স্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন। এটি গবেষণার মানোন্নয়ন এবং সফলতার জন্য অপরিহার্য।
উল্লেখ্য, গবেষণার কাঠামো সুসংগঠিত হলে গবেষণা কার্যক্রমে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন সহজ হয়। সেমিনারে উপস্থিত বক্তারা তরুণ গবেষকদের উদ্দেশে অনুপ্রেরণামূলক পরামর্শ প্রদান করেন এবং গবেষণা ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করতে তাদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
সেমিনারটি গবেষণা ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রদানের মাধ্যমে অংশগ্রহণকারীদের কাছে তাৎপর্যময় হয়ে ওঠে।