বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির প্রতিনিধিদল গতকাল (২৭ অক্টোবর ২০২৪) বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে ২০২৫ সালের অমর একুশে বইমেলা আয়োজন নিয়ে ছয়টি প্রস্তাব পেশ করা হয়।
প্রস্তাবগুলো হলো:
১. ২০২৫ সালের বইমেলাকে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান থিমে আয়োজন করা।
২. মেলার সব উপকমিটিতে অন্তত একজন প্রকাশক প্রতিনিধি রাখা।
৩. প্রকৃত প্রকাশনা প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া, সহযোগী প্রতিষ্ঠান বাদ রাখা।
৪. মেলার সময় রাত ১০টা পর্যন্ত বৃদ্ধি এবং মেট্রোরেলের বিশেষ ট্রিপ চালুর ব্যবস্থা করা।
৫. বাংলা একাডেমি প্রাঙ্গণে কোনো প্রকাশনা প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ না দেওয়া এবং সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশনা প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য স্টল বরাদ্দ না দেওয়া।
৬. পূর্বের লুটেরা ও দুর্নীতিবাজ প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির উপদেষ্টা আরিফুর রহমান নাইমসহ (ঐতিহ্য) বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বাংলা একাডেমি ও প্রকাশকরা সফল বইমেলা আয়োজনের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করেন।