নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২২, ০৯:৩৩ এএম

বিপুল পরিমাণ সরকারি ওষুধসহ রঞ্জণ বর্মণ নামে এক ওষুধ ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।
রোববার (১৩ নভেম্বর) বিকেল ৪ টা ২০ মিনিটের দিকে কোতোয়ালি থানার বাবুবাজার এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
এসময় তার হেফাজত থেকে ১৩ হাজার ফেক্সোফাস্ট ট্যাবলেট, সাড়ে ৩ হাজার পিস অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট ও সাড়ে ৩ হাজার সেফট্রিয়াক্সন ইনজেকশন জব্দ করা হয়।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ রিমান্ডে থাকা মো. ইকবাল হোসেনের তথ্যের ভিত্তিতে বাবুবাজারের হাজী রানী মার্কেটের চতুর্থতলায় ৯ নম্বর গোডাউন থেকে রঞ্জণ বর্মণকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা বিপুল পরিমাণ সরকারি ওষুধ জব্দ করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধার করা ওষুধগুলো রিমান্ডে থাকা ইকবাল বিভিন্ন পরিবহনের মাধ্যমে কুমিল্লা থেকে তার কাছে পাঠাতেন। পরে তিনি বিভিন্ন দোকানে সেগুলো বিক্রি করতেন।
এর আগে ৯ নভেম্বর রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ইকবাল হোসেন ওরফে রানাকে বিপুল পরিমাণ নকল ওষুধসহ অটক করে পুলিশ।