নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৪, ০৭:১১ এএম

প্রকাশনা সংস্থা 'ঐতিহ্য' তার দুই যুগের পথচলা (২০০০-২০২৪) স্মরণীয় করে রাখতে বাংলা একাডেমি প্রাঙ্গণে ২-১১ নভেম্বর ২০২৪ পর্যন্ত দশ দিনব্যাপী 'ঐতিহ্য বই উৎসব ২০২৪' আয়োজন করেছে।
২রা নভেম্বর ২০২৪, শনিবার সকাল ১১টায় উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, লেখক ও গবেষক শারমিন আহমদ, এবং তরুণ অনুবাদক মাহীন হক।
উদ্বোধনী বক্তব্যে ঐতিহ্য’র প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম বলেন, "ঐতিহ্য দুই যুগ ধরে প্রকাশনা ক্ষেত্রে ধ্রুপদিয়ানা ও নতুনত্বের সমন্বয় সাধনের কাজ করে চলেছে। এবারের বই উৎসব লেখক, পাঠক এবং প্রকাশকের মধ্যে একটি সংযোগ প্রতিষ্ঠা করবে।"
তরুণ অনুবাদক মাহীন হক উৎসবে বলেন, "ঐতিহ্য প্রকাশনা জগতে নতুন দিগন্ত উন্মোচন করছে।" গবেষক শারমিন আহমদ উল্লেখ করেন, "ঐতিহ্য প্রতিকূল পরিবেশে বাংলাদেশের সত্য ইতিহাসের একের পর এক বই প্রকাশ করেছে। একজন প্রকৃত প্রকাশকের বৈশিষ্ট্য এমনই হওয়া উচিত।"
ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে বইয়ের ভবিষ্যত নিয়ে বলেন, "আজকের দিনে বইয়ের ভবিষ্যত মানুষের ভবিষ্যতের মতোই ঝুঁকিপূর্ণ। মুনাফাবাদী বিশ্বব্যবস্থা মানুষকে বিচ্ছিন্ন করে ফেলছে। আমাদের বই পড়ার প্রতি আগ্রহী হতে হবে।" তিনি বইয়ের মানবিক বার্তা ধারণ করে একটি সুষম পৃথিবী গড়ার জন্য সংগ্রাম করার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ঐতিহ্য’র ২৪ বছর পূর্তিতে প্রকাশিত ২৪টি বাংলা ক্ল্যাসিক বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন।
ঐতিহ্য বই উৎসব চলবে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। উৎসবে সর্বোচ্চ ৭০ শতাংশ ছাড়ে পাঠক ঐতিহ্য প্রকাশিত প্রায় দুই হাজার বই থেকে তাদের পছন্দের বই সংগ্রহ করতে পারবেন।