logo

শহরের ভয়ংকর গর্ত ও জনজীবনের ঝুঁকি


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ২৯ অক্টোবর, ২০২৪, ০৫:১০ পিএম

শহরের ভয়ংকর গর্ত ও জনজীবনের ঝুঁকি

 

শহরের ব্যস্ত সড়কে বড় বড় গর্ত হা করে আছে। এসব গর্ত দেখে ভয় লাগে; এরই মধ্যে অনেক দুর্ঘটনা ঘটেছে। রাতে পথচারীদের জন্য এই রাস্তা হয়ে ওঠে আরও বিপজ্জনক। তিলপাপাড়া থেকে গোড়ানের হাড়ভাংগা মোড়, উত্তর বাসাবো থেকে ঝিলপাড় মসজিদ রোড, সিপাহীবাগ থেকে নবীনবাগ তিতাস রোড—এসব এলাকার রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। তিলপাপাড়ার বাদশা টি-স্টলের সামনের গর্তটি সবচেয়ে বিপজ্জনক। 

এলাকাবাসী বলছে, এত বড় ভাঙা রাস্তা সবাই দেখছে, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাদের অভিযোগ, কাউন্সিলর না থাকায় ঢাকা সিটির ভেতরের এলাকাগুলো এমনিতেই এখন অভিভাবক শুন্য। সে কারণে উন্নয়নমূলক কার্যক্রম একপ্রকার ব্যহত হচ্ছে। খিলগাঁও থানাও কাছাকাছি, তাদের গাড়ী এই পথেই চলাচল করে, তবু কেউ রাস্তা সংস্কারে উদ্যোগ নিচ্ছে না।

চা ব্যবসায়ী বাদশা বলেন, অনেকদিন ধরে এই গর্ত আছে। কে ভেঙেছে, কেউ জানে না। এক ছাত্র জানায়, সিটি করপোরেশন বলছে এটা টিএন্ডটির কাজ, আর টিএন্ডটি বলছে ওয়াসা ভেঙেছে। সবাই একে অপরের ওপর দায় চাপাচ্ছে।

ভয়ংকর কোনো দুর্ঘটনা ঘটার আগেই শহরের সব ভাঙা রাস্তা সংস্কার করা জরুরি, যাতে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে।