সাধারণ যাত্রীদের জন্য মেট্রোরেল উন্মুক্ত করার প্রথম দিনেই টিকিট মেশিনে দেখা দিয়েছে বিভ্রাট। ইতোমধ্যে টিকিট বিক্রির একটি মেশিন বিকল হয়ে গেছে।
মেশিনের স্ক্রিনে দেখা গেছে, ‘এই মেশিনটি কিছু সময়ের জন্য বিকল আছে। অনুগ্রহপূর্বক অন্য মেশিন ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো অথবা টিকিট অফিসে যোগাযোগ করুন’ লেখাটি।
সকাল ৮টায় উত্তরা থেকে প্রথম ট্রেনটি ছেড়ে যায়। উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল ডিপো স্টেশনে সরেজমিনে বিভ্রাটের এ চিত্র দেখা গেছে। টিকিট কাউন্টার থেকে যাত্রীদের লাইন ছাড়িয়ে গেছে রাস্তা পর্যন্ত।
দিয়াবাড়ি স্টেশন কর্তৃপক্ষ বলছে, মেট্রোরেলে সরাসরি যাত্রা র প্রথম দিন সকাল থেকেই উৎসুক লোকজনের ভিড় ছিল। সময় বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকে। যাত্রীদেরও ব্যাপক ভিড় লেগে যায়। টিকিট কাউন্টারগুলোয় দীর্ঘ লাইন দেখা গেছে। স্বয়ংক্রিয় মেশিনের সামনেও লাইন আছে। একসঙ্গে অনেক বেশি যাত্রী টিকিট কেনার কারণে মেশিনগুলো কিছু সময় পরপর হ্যাং হতে দেখা যায়। তারপরও যাত্রীদের চাপ ব্যাপক। চাপ সামলাতে তাদের এক প্রকার হিমশিম খেতে হচ্ছে।
তবে এটা নিয়ে অভিযোগ নেই যাত্রীদের। তারা বলছেন, কিছুটা সমস্যা হচ্ছে, হবে। এটা স্বাভাবিক। প্রথমদিনই যে সব কিছু টিপটপ থাকবে না নয়। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু উন্নতি হবে।