ধামরাইয়ে সাটুরিয়া আঞ্চলিক সড়কে একটি স্টাফ বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নারী শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছন অন্তত ১৫ জন।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাতটার দিকে সাটুরিয়া আঞ্চলিক সড়কের খাগুরতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বাসটি স্থানীয় প্রতীক সিরামিকের স্টাফ বাস।
নিহতরা হলেন- ধামরাইয়ের মধুডাঙ্গা এলাকার আমির মোল্লার মেয়ে সুরাইয়া বেগম (৩০) ও মো. বাছেদের মেয়ে আকলিমা (৩৮)। তারা দুজনই প্রতীক সিরামিকের শ্রমিক। এছাড়া এ ঘটনায় গুরুতর আহত জুলেখা নামে এক শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রতীক সিরামিকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক আকরাম হোসেন বলেন, সকালে ৪০ জন শ্রমিক নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়া এলাকা থেকে বাসটি তাদের কারখানায় আসছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়।
ধামরাই থানার উপ-পরিদর্শক মো. আশরাফুল ইসলাম বলেন, প্রতীক সিরামিকের শ্রমিকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের মধ্যে আটকে থাকা তিনজনকে উদ্ধার করেন। তাদের মধ্যে দুইজন মারা গেছেন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘুমের ঘোরে চালকের অসাবধানতায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এবং এ ঘটনায় বাসের চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।