শীতেও গরম সবজির বাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২২, ১০:৪৯ এএম

শীতেও গরম সবজির বাজার

শীতের ঠাণ্ডা হাওয়া বইতে শুরু করলেও সবজির বাজার বেশ গরম। শীতকালিন সবজি আসতে শুরু করলেও দাম আশানুরূপ কমেনি। বাড়তি দামেই বিক্রি হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, গাজর ও টমেটোসহ বিভিন্ন সবজি। একই সঙ্গে বেড়েছে আটা, ময়দা ও ছোলার দাম। এছাড়া পোল্ট্রি মুরগির দাম কিছুটা কমলেও তেল, আলু, ডাল ও মাছ-মাংসের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।

 

মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি টমেটো ১৮০-১৯০ টাকা, গাজর দাম বেড়ে ১৮০-২০০ টাকা, করলা ৭০-৭৫ টাকা থেকে বেড়ে ৮০-৯০ টাকা, শসা ৫৫-৬০ টাকা থেকে বেড়ে ৭০-৭৫ টাকা, চিকন বেগুন ৬৫-৭০ টাকা, গোল বেগুন ৬০-৬৫ টাকা, পেঁপে ৩০-৩৫ টাকা, লেবু প্রতি হালি ৩০-৪০ টাকা, কাঁচামরিচের দাম কমে ৮০ টাকা, শুকনা মরিচ ৬৫০-৭০০ টাকা, শিম কেজি ১০০-১১০ টাকা, মুলা ৫০-৫৫ টাকা, বাঁধাকপি ৫০-৬০ টাকা এবং ফুলকপি প্রতি পিস ৬০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া আদা ১৫০-১৬০ টাকা ও রসুন ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

শান্তিনগর বাজারের সবজি বিক্রেতা মমিনুল ইসলাম বলেন, বাজারে শীতের সবজি আসতে শুরু করলেও চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়। তাই দাম বাড়তি রয়েছে। তবে আমদানি বাড়লে দাম কমবে। 

 

ক্রেতারা জানান, বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করলেও দাম আশানুরূপ কমেনি।

সবচেয়ে ভোগান্তিতে রয়েছে স্বল্প আয়ের মানুষ; দৈনন্দিন চাহিদা অনুযায়ী বাজার করতে পারেন না তারা, ভরা ব্যাগ বাড়ি নিয়ে ফেরা হয় না কখনো। 

 

বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে খোলা চিনি ১২০-১৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্যাকেট ও খোলা আটার দাম বেড়ে ৬৪ টাকা, ছোলা বুট ৯০-৯৫ টাকা এবং ময়দা ৭৫ টাকায় বিক্রি হচ্ছে।

 

সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে স্বর্ণা (মোটা) চালের দাম কিছুটা বেড়েছে। স্বর্ণা (মোটা) ৪৮-৫০ টাকা থেকে বেড়ে ৫২-৫৫ টাকা, বিআর২৮, ৬০-৬২ টাকা, মিনিকেট ৭৫-৮০ টাকা এবং নাজিরশাইল ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

বাজারে আগের মতোই মসুর ডাল (মাঝারি) ১১০-১২০ টাকা, চিকন ১৩০-১৪০ টাকা, মুগডাল ১৪০-১৫০ টাকা, বুটডাল ৭৫-৮০ টাকা থেকে বেড়ে ৮৫-৯০ টাকা বিক্রি হচ্ছে। পোলট্রি মুরগির ডিমের হালি ৫০-৫২ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৬৫০-৭০০ টাকা ও খাসির মাংস ৮০০-৯০০ টাকায় কেজি বিক্রি হচ্ছে।

 

খুচরা বাজারে ব্রয়লার মুরগির কেজি গত সপ্তাহের তুলনায় কিছুটা কমে ১৭০-১৮০ টাকা, পাকিস্তানি মুরগি ১০ টাকা দাম কমে ৩০০-৩২০ টাকা, দেশি মুরগি আগের মতোই ৪৫০-৪৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।