স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ভিকারুননিসার ছাত্রীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২২, ০৭:২১ এএম

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ভিকারুননিসার ছাত্রীদের সড়ক অবরোধ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ধানমন্ডি শাখার ছাত্রীরা।  

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১১ টার দিকে রাজধানীর মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এর আগে ভিকারুননিসার ধানমন্ডি শাখা থেকে ছাত্রীদের বিক্ষোভ মিছিল বের হয়। পরে তারা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনের মোড়ে এসে সড়কের দুই পাশ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এসময় ছাত্রীরা  ‘স্থায়ী ক্যাম্পাস দিতে হবে’ আমাদের দাবি মানতে হবে, স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা জানান, আমরা বেশি কিছু জানি না, শুধু জানি ধানমন্ডি শাখা রাখতে হবে আর আমাদের স্থায়ী ক্যাম্পাস দিতে হবে।

অভিভাবকরা জানান, ভিকারুননিসার চারটি শাখার মধ্যে এটাই প্রথম অনুমোদিত শাখা। ভাড়া বাড়িতে এই প্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম চলছে। দীর্ঘদিন হওয়ায় এই ভবনের টেম্পার চলে গেছে। অধ্যক্ষ সেটা জানেন। কিন্তু তিনি নতুন ভবন বা স্থায়ী ক্যাম্পাসের উদ্যোগ নেননি। লস প্রজেক্ট দেখিয়ে এই শাখা এখন বন্ধের পাঁয়তারা করছে। সেজন্য ছাত্রী ও অভিভাবকরা রাস্তায় নেমেছে।

অভিভাবকরা আরও জানান, সাবেক অধ্যক্ষ ফওজিয়া স্থায়ী ক্যাম্পাসের জন্য জমির বায়না করেছিলেন। কিন্তু বর্তমান অধ্যক্ষ কামরুন নাহার এসেই সেটা বাতিল করে দেন। এরপর ধানমন্ডি শাখার কয়েকজন শিক্ষককে মৌখিক নির্দেশে বদলি করা হয়। জমির বিষয়ে আমরা জেনেছি, রাঘববোয়াল একটা কোম্পানি এরই মধ্যে বায়না করেছে। সে কারণে আমরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করছি।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার জানান, স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন হচ্ছে শুনেছি। তবে এ বিষয়ে কোনো শিক্ষক বা অভিভাবক আমাদের কিছু জানায়নি। তিনি জানান, স্থায়ী ক্যাম্পাস করা সম্ভব নয়। আমাদের ফান্ডে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য এত টাকা নেই।