কাঁচপুর ওভারব্রিজের নিচে যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৩, ০৫:২০ এএম

কাঁচপুর ওভারব্রিজের নিচে যুবকের মরদেহ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুর ওভারব্রিজের নিচ থেকে এক যুবকের অচেতন অবস্থায় উদ্ধার করেন পথচারীরা। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। এখনও তার পরিচয় পাওয়া যায়নি।


আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।


তাঁকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সোহাগ জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় রক্তাক্ত জখম অবস্থায় ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই যুবককে চিকিৎসার জন্য ঢামেকে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এখনও তাঁর পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে।