টিসিবির চিনির দামও কেজিতে বাড়ল ১০ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মে, ২০২৩, ০৮:২৫ এএম

টিসিবির চিনির দামও কেজিতে বাড়ল ১০ টাকা

খোলা বাজারে চিনির দাম বাড়ার পর এবার ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি করা টিসিবির চিনির দামও কেজিতে ১০ টাকা বাড়ানো হয়েছে। টিসিবির প্রতি কেজি চিনি কিনতে এখন গুনতে হবে ৭০ টাকা।


দাম বাড়ানোর কারণ হিসেবে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি জানান, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশের ভেতরও আমদানি করা নিত্যপণ্যের দাম বাড়াতে হচ্ছে।


আজ রোববার সকালে রাজধানীর বাড্ডায় চলতি মাসের জন্য দেশব্যাপী ভুর্তকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।


এ সময় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান জানান, বিক্রি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে আগামী ৬ মাসের ফ্যামিলি কার্ড ডিজিটাল করে তা বিতরণ শেষ করা হবে। এবার সুবিধাভোগী ১ কোটি পরিবার ৭০ টাকায় ১ কেজি চিনি, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৭০ টাকা কেজি হিসাবে ২ কেজি মসুর ডাল কেনার সুযোগ পাবেন তারা।