মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৩। কাগজের দাম বেড়ে যাওয়ায় এবার বাড়ছে বইয়ের দামও। স্টলের সংখ্যাও বেড়েছে। এবার ৬০১টি প্রতিষ্ঠানকে ৯০১টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান মিলে ১১ লাখ বর্গফুট জায়গায় মেলা হবে।
এবার বইমেলার প্রতিপাদ্য ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। ১ ফেব্রুয়ারি বেলা তিনটায় অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
করোনা মহামারির কারণে বিগত দুই বছর ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বইমেলা শুরু হয়নি। তবে এবার প্রথম দিন থেকেই বইমেলা শুরু হচ্ছে। মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
মানসম্পন্ন বইয়ের জন্য হাপিত্যেশ রয়েছে প্রকাশকদের। তারা বলছেন, ভালো মানের বই তারা প্রকাশ করতে চাইলেও, সে ধরনের পাণ্ডলিপির বড়ই অভাব রয়েছে।
অন্য সব কিছুর মতো এবার কাগজের দামও বেড়েছে। সেই প্রভাব পড়েছে প্রকাশনা ব্যবসায়। তাই বইমেলায় বইয়ের দাম কমপক্ষে ২০ থেকে ২৫ ভাগ বাড়ার কথা জানিয়েছেন প্রকাশকরা।