পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীর মোহনায় জেলের জালে ধরা পড়েছে এক বিরল বিশাল আকৃতির কচ্ছপ। জেলে বজলু হওলাদারের জালে ধরা পড়া এই কচ্ছপের ওজন ১ মণ (প্রায় ৩৭.৫ কেজি)। এমন বৃহৎ কচ্ছপের দেখা পেয়ে স্থানীয়দের মাঝে কৌতূহল ও উত্তেজনার সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে রনগোপালদী ইউনিয়নের পাতার চর এলাকায় এ ঘটনা ঘটে। বজলু জানান, প্রতিদিনের মতোই তিনি তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীর মোহনায় মাছ ধরতে গিয়েছিলেন। জাল টানার শেষপর্যায় তিনি অনুভব করেন, কোনো বিশাল কিছু তার জালে আটকে গেছে। কিছুক্ষণ চেষ্টার পর বিশাল আকৃতির কচ্ছপটি উঠে আসে। এমন ঘটনা তার মৎস্যজীবনের প্রথম।
কচ্ছপটি তীরে আনার পর স্থানীয় গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে আসে। শত শত মানুষ কচ্ছপটিকে এক নজর দেখতে ভিড় জমায়। প্রত্যক্ষদর্শী মো. শাহ আলম অপু বলেন, ‘এত বড় কচ্ছপ জীবনে কখনও দেখিনি। আজ এই বিরল দৃশ্য দেখে অবাক হয়েছি।’
স্থানীয় পরিবেশপ্রেমী ও গ্রামবাসীরা কচ্ছপটিকে নদীতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা বিশ্বাস করেন, প্রকৃতির এই বিরল প্রাণীকে মুক্ত জলধারায় ছেড়ে দেওয়া উচিত। ফলে সন্ধ্যার মধ্যেই কচ্ছপটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়।
স্থানীয় পরিবেশবিদরা এ ঘটনাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। তারা বলেন, এ ধরনের প্রাণী নদীর জীববৈচিত্র্যের অংশ এবং এর অস্তিত্ব প্রমাণ করে যে এই অঞ্চলের নদীগুলো এখনো অনেক জীববৈচিত্র্যের জন্য বাসযোগ্য। তবে একই সঙ্গে তারা কচ্ছপ এবং অন্যান্য জলজ প্রাণী সুরক্ষায় আরও সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
এ ধরনের ঘটনা একদিকে যেমন সাধারণ মানুষের কাছে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব তুলে ধরে, অন্যদিকে প্রকৃতি রক্ষার জন্য আমাদের দায়িত্বকেও স্মরণ করিয়ে দেয়।