ছায়া সংসদে  আওয়ামী লীগের রাজনৈতিক ও সামাজিক পরাজয়ের আলোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ জানুয়ারী, ২০২৫, ০৭:০১ পিএম

ছায়া সংসদে  আওয়ামী লীগের রাজনৈতিক ও সামাজিক পরাজয়ের আলোচনা

রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি'র আয়োজনে অনুষ্ঠিত ছায়া সংসদে "জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক ও সামাজিক পরাজয়" শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ফজলুল হক বলেন, "আওয়ামী লীগ মনে করতো তাদের সমালোচনা মানেই সরকার উৎখাতের ষড়যন্ত্র। ভিন্নমতকে নির্মূল করার প্রবণতায় তাদের রাজনীতি দূষিত হয়েছিল।" তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে ভিন্নমত প্রকাশকারীদের নির্যাতন, গুম, ও হত্যার ঘটনা শেখ হাসিনার অনুমোদনেই ঘটেছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

 

তিনি আরও বলেন, "জুলাই-আগস্টে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা প্রদান এবং ভবিষ্যতে সঠিক রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য জাতির উচিত শিক্ষা নেওয়া।"

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি'র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, "জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগ জাতীয় ও আন্তর্জাতিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। ১৫ বছরে গুম, খুন, ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কারণে জনগণ দল হিসেবেও আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দেখতে চায়।"

 

প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি) এবং বিপক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)-এর বিতার্কিকরা অংশগ্রহণ করেন। বিচারক প্যানেলে ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, কে এম মাহমুদ হাসান এবং সাংবাদিক জাহানারা পারভিন।  

প্রতিযোগিতায় বিজয়ী হয় বিইউএফটি। বিজয়ী দলের সদস্যদের ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।